
আন্তর্জাতিক ডেস্ক:
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। (১২ মে) সকালে এক বিশেষ বার্তায় তিনি স্পষ্ট করে জানান যে, তাঁর রাজ্যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকলের অধিকার সমান এবং কোনো হিন্দু যদি মুসলিমদের ওপর অত্যাচার চালায়, তবে প্রশাসন এমন ব্যবস্থা নেবে যা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী বিজয় জোর দিয়ে বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকেই বিন্দুমাত্র রেহাই দেওয়া হবে না।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি রাজ্যে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত মোট ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয় যেমন মন্দির, মসজিদ, গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না। সরকারি তথ্য অনুযায়ী, বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে এবং ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে অবস্থিত ছিল। সামাজিক পরিবেশ উন্নত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।গত রবিবার ৫১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর রাজনৈতিক দল ‘টিভিকে’ (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) রাজ্যের দীর্ঘদিনের প্রথাগত রাজনৈতিক মেরুকরণ ভেঙে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে। কংগ্রেস, বামপন্থী ও মুসলিম লিগের সমর্থন নিয়ে গঠিত এই জোট সরকারের প্রধান হিসেবে বিজয় জনকল্যাণমূলক আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সুবিধা প্রদান। মদের দোকান বন্ধের ফলে রাজস্ব আয়ে প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, সুশাসন ও সামাজিক সংস্কারের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
