ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 17 hours ago

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন চরম সংঘাত ও সংঘর্ষে রূপ নিয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসে অন্তত ১৫ জন শিক্ষার্থী জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

(১৭ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপাচার্য পদের পক্ষে ও বিপক্ষে অবস্থান গ্রহণ করা শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, গত (১৪ মে) সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলনে নামেন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকনেতাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে না এনে ডুয়েটের নিজস্ব জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নির্বাচিত করা হোক।ক্যাম্পাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ মে রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ধারাবাহিকতায় আজ ১৭ মে সকাল ৮টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য আজই ক্যাম্পাসে এসে দায়িত্ব গ্রহণ করতে পারেন—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে নতুন উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া অপর একটি ছাত্রদলের সাথে আন্দোলনকারীদের তীব্র কথা-কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, ডুয়েট দেশের একটি অন্যতম বিশেষায়িত কারিগরি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার প্রাতিষ্ঠানিক, একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। তাই ডুয়েটের সার্বিক অগ্রগতির স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া বাঞ্ছনীয় ছিল। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এই বিষয়ে জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস থেকে সংঘাতের জেরে আহত অবস্থায় মোট ১৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। অন্যদিকে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে ডুয়েট ক্যাম্পাসে গত কয়েক দিন ধরেই এক ধরণের অসন্তোষ চলছিল, যা আজ সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

  • উপাচার্য নিয়োগ
  • গাজীপুর সংবাদ
  • ডুয়েট ক্যাম্পাস
  • ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • মোহাম্মদ ইকবাল
  • শিক্ষার্থী সংঘর্ষ