ছাত্রলীগ সেজে হামলা, শিবির নেতার বিচার চান তন্নী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 month ago

নিজস্ব প্রতিবেদক:

২০২২ সালে ঢাকা গেটের ঠিক সামনেই ছাত্রদলের এক নারী নেত্রীকে বেধড়ক মারধর করে কিছু ছাত্রলীগ কর্মী। হামলার শিকার সেই ছাত্রদল নেত্রীর নাম তন্নী মল্লিক। সেই সময়কার সেই ন্যক্কারজনক হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার সেই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।তন্নী মল্লিক জানান, হামলার সময় তিনি যখন দৌড়ে পালাচ্ছিলেন, তখন পেছন থেকে তাঁকে লক্ষ্য করে ইট মারা হয়। ইটের আঘাতে আহত হয়ে তিনি ধীর হয়ে পড়লে এক যুবক লাঠি দিয়ে তাঁকে নৃশংসভাবে আঘাত করতে শুরু করে। সম্প্রতি তন্নী দাবি করেছেন, যে ছেলেটি তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছিল, সে বর্তমানে ছাত্রশিবিরের একজন বড় নেতা।তন্নীর এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি দাবি করেন, তন্নী মল্লিককে আঘাত করা সেই যুবকটি ছিল অমর একুশে হল ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক মুসা মন্ডল। ছাত্রলীগের পরিচয় দিয়ে হামলা করা সেই মুসা মন্ডল আসলে শিবিরের নেতা—এমনটিই দাবি ছাত্রদল সভাপতির। তিনি বলেন, “ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই যা তারা করত না। সেটা হেলমেট পরে হামলা হোক কিংবা গেস্টরুমে নির্যাতন হোক।”সেই ভয়াবহ স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তন্নী মল্লিক। চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি বলেন, হামলাকারী ছাত্রলীগ হোক কিংবা ছাত্রশিবির—তিনি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চান।রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, তৎকালীন সময়ে ছাত্রলীগের মিছিলে অনুপ্রবেশকারী হিসেবে শিবির কর্মীরা কাজ করত কি না। তন্নী মল্লিকের এই দাবি সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

  • ছাত্রদল
  • ছাত্রলীগ
  • ছাত্রশিবির
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • তন্নী মল্লিক
  • মুসা মন্ডল
  • রাজনৈতিক হামলা