ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী (ফেনী):

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার (১৮ এপ্রিল) সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং পরিবারের সাথে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় একটি বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ইউটিউব দেখে বিশেষ পদ্ধতিতে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এসময় চুল্লির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তাঁর সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে চারদিন যমে-মানুষে লড়াই করার পর আজ সকাল ৮টায় মাসুদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম শোক প্রকাশ করে বলেন, মাসুদ অত্যন্ত বিনয়ী ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও তিনি একটি ধর্মীয় সভার আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • অকটেন তৈরি
  • ফেনী
  • বিস্ফোরণ
  • মৃত্যু সংবাদ
  • সোনাগাজী