হামের টিকা থেকে বিরত রেখে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আল্লামা ইমাম হায়াতের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 10 hours ago

মঈনউদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি:

একদল উগ্রপন্থী আলেম ও মোল্লাদের কুসংস্কারাচ্ছন্ন ফতোয়ার কারণে শিশুদের জীবনরক্ষাকারী হামের টিকা প্রদান ব্যাহত হওয়া এবং এর ফলে অসংখ্য শিশুর প্রাণহানির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। সম্প্রতি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি ও জীবনহানির জন্য দায়ী বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভ্রান্তি ছড়ানো মহলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

আল্লামা ইমাম হায়াত তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, মানুষের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা স্রষ্টার অন্যতম প্রধান বিধান। ইসলামের অপরিহার্য বিধান অনুযায়ী শিশুদের সুরক্ষা ও জীবন বাঁচানো যেখানে প্রতিটি নাগরিকের ঈমানী দায়িত্ব, সেখানে অবহেলা বা ধর্মীয় কুসংস্কারের বশবর্তী হয়ে জীবনরক্ষাকারী টিকা না দেওয়া এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা একটি চরম ও ক্ষমার অযোগ্য অপরাধ।বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল উগ্রপন্থী আলেম যখন হামের টিকাকে ‘পাশ্চাত্যের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালায়, তখন তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।

এই ধরনের অপপ্রচারের কারণে সাধারণ মানুষ সন্তানদের চিকিৎসাসেবা ও টিকা দেওয়া থেকে বিরত থাকছে, যার ফলে শত শত নিরীহ শিশুর প্রাণহানি ঘটছে। চিকিৎসায় বাধা প্রদান এবং টিকা নিয়ে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, যারা এই জঘন্য কাজের সাথে জড়িত, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা জরুরি।মানবতা ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী আল্লামা ইমাম হায়াত এবং তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’-এর মূল বার্তাই হলো সর্বস্তরের মানুষের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকারের সুরক্ষা দেওয়া। তাই হামের টিকার মতো স্পর্শকাতর ও জীবনরক্ষাকারী বিষয়ে যারা বাধা সৃষ্টি করেছে কিংবা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেই বিগত চক্র ও উগ্রপন্থী মহলকে কঠোর শাস্তির মুখোমুখি করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

  • আল্লামা ইমাম হায়াত
  • বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
  • বিশ্ব সুন্নী আন্দোলন
  • হামের টিকা অপপ্রচার