ব্যাটারিচালিত রিকশায় কর আরোপ!!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 hours ago

অর্থনৈতিক প্রতিবেদক:

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। উচ্চবিত্তদের জন্য নতুন করে ‘সম্পদ কর’ প্রবর্তনের পাশাপাশি প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সরকারের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি করা এবং বিত্তবানদের কঠোর নজরদারিতে এনে রাজস্ব আয় বাড়ানো।বাজেট পরিকল্পনায় সাধারণ ও মধ্যম আয়ের করদাতাদের জন্য বড় ধরনের স্বস্তির খবর রয়েছে। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা বর্তমানের সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ৪ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সঞ্চয়ে উৎসাহ দিতে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবেও প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

পরিবহন খাতে শৃঙ্খলা ও রাজস্ব বাড়াতে মোটরসাইকেলের সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণের নতুন কাঠামো তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। অন্যদিকে বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর ২ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা থাকলেও সাধারণ ব্যবহারের ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির কর অপরিবর্তিত রাখা হতে পারে।আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার একটি বিশাল বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় অনেক বেশি। এবারের বাজেটে জ্বালানি সংকট মোকাবিলায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্ট করেছেন যে সরকারের আর্থিক নীতি যেন অবশ্যই পরিবেশগত টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে এবং সরাসরি সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে ধনিক শ্রেণির ওপর নজরদারি বাড়িয়ে রাজস্ব আহরণ নিশ্চিত করা হয়।

  • মোটরসাইকেল কর
  • রিকশায় কর