
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাদরাসাতু নূহ (রাঃ) তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগরের নায়েবে মুহতামিম মাওলানা আসাদুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে ইলমে দ্বীন শিক্ষার ফজিলত ও মানবজীবনে এর গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সিনিয়র উস্তাদ, ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন কাসেমী। তিনি তাঁর আলোচনায় শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনের সঠিক পদ্ধতি ও আদর্শ জীবন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাজুল আবরার আল ইসলামী, মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল মুফতি বাহারুল ইসলাম, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম আজিজী, হাফেজ মাওলানা আবু ইউসুফ ওবাইদী, হাফেজ মাওলানা জুলকারনাইন এবং মাওলানা মোশাররফ আশরাফসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুফতি এহসানুল হকের সঞ্চালনায় বোর্ড পরীক্ষা ও মাদরাসা পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।পরিশেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
