বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 16 hours ago

স্পোর্টস ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করাকে দেশের ক্রিকেটের জন্য বড় বিপর্যয় হিসেবে দেখছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তার মতে, ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটে অন্তত ২০ বছর পিছিয়ে গেছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই পরিস্থিতির জন্য দেশি-বিদেশি কিছু চক্রের ‘প্রতারণা’ ও ভুল বুঝানোকে দায়ী করেন।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপে অংশ নিতে পারেনি। আমরা মূলত কিছু দেশি ও বিদেশি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাদের ভুল বুঝিয়ে এই বড় আসর থেকে বঞ্চিত করা হয়েছে।’ উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ায় এবং আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি না মানায় শেষ পর্যন্ত টাইগারা এই বিশ্বকাপে অংশ নেয়নি।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের অংশ না নেওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন মিজান। তিনি জানান, সময় স্বল্পতা এবং বর্তমান বিসিবি কমিটির কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় তিনি দল প্রত্যাহার করে নিয়েছিলেন। মিজানুর রহমানের দাবি, একটি নিয়মতান্ত্রিক ও বৈধ বোর্ড না হওয়া পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করা কঠিন।

ভবিষ্যতে ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ক্রিকেটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনি। আপনারা একটি সুন্দর ও গ্রহণযোগ্য বোর্ড উপহার দিন, যেন আমরা পরবর্তী বছরগুলোতে বিপিএলে আবারও অংশ নিতে পারি।’ ক্রিকেটের পুনর্জাগরণের জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • ফরচুন বরিশাল
  • বাংলাদেশ ক্রিকেট
  • মিজানুর রহমান