ব্রাহ্মণবাড়িয়ায় কোটি কোটি টাকার কয়েন পড়ে আছে অব্যবহৃত, নিচ্ছে না ব্যাংকও

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 weeks ago
১ ও ২ টাকার কয়েন

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ টাকা ও ২ টাকার কয়েন কার্যত অচল হয়ে পড়েছে। দোকানদার, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও এসব কয়েন গ্রহণে অনীহা প্রকাশ করছেন। ফলে জেলার ৯টি উপজেলায় কোটি কোটি টাকার কয়েন এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সময় ক্রেতারা কয়েন দিলে অনেক দোকানদার তা নিতে অস্বীকৃতি জানান। অনেক সময় খুচরা টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও কয়েন ব্যবহার করা হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, তাঁদের কাছে প্রচুর কয়েন জমে আছে যা বাংলাদেশ ব্যাংক বা স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে সহজে জমা দেওয়া যাচ্ছে না। ফলে তাঁরা নতুন করে কয়েন নিতে চাইছেন না।

আইনগতভাবে ১ ও ২ টাকার কয়েন বৈধ মুদ্রা হলেও মাঠপর্যায়ে সচেতনতার অভাব ও কার্যকর নির্দেশনার অভাবে এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। তাঁরা কয়েন গ্রহণে বাধ্যতামূলক নির্দেশনা জারি এবং ব্যাংকগুলোতে সহজ বিনিময়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ১, ২ এবং ৫ টাকার কয়েন নিষিদ্ধ করা হয়নি। ব্যাংকগুলো এসব কয়েন জমা নিয়ে নোট দিতে বাধ্য। তিনি আরও জানান, এ বিষয়ে অনেক অভিযোগ জমা পড়েছে এবং তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

  • ১ ও ২ টাকার কয়েন
  • অচল মুদ্রা
  • বাংলাদেশ ব্যাংক
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • ভোক্তা অধিকার