
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ এবং দেশের ক্রিকেটের নিরপেক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাকিবের ফর্ম ও ফিটনেসের ভূয়সী প্রশংসা করলেও জাতীয় দলে তার ফেরার বিষয়টি নিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ খেলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাকিবের এমন আকাক্ষার বিষয়ে আমজাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অত্যন্ত কৌশলী উত্তর দেন। সাকিবের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাকিব আল হাসানের বর্তমান ফিটনেস এবং ফর্মের কথা বিবেচনা করলে তার মনে হয় তিনি আরও অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন। তবে সাকিবের জাতীয় দলে ফেরা বা খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির এখতিয়ার বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।
সাকিবের ফেরার এই আলোচনার আড়ালে বড় এক বাস্তবতা হলো রাজনৈতিক পটপরিবর্তন। গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক এই পরিবর্তনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে বিদেশের মাটিতে বিভিন্ন লিগ ও ম্যাচ খেললেও দেশের মাটিতে তার ফেরার বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চিত।
এ প্রসঙ্গে আমজাদ হোসেন দেশের ক্রিকেটে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি মন্তব্য করেন যে, ক্রিকেট দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে অবস্থানে পৌঁছেছে, তার অন্যতম প্রধান কারণ হলো এর রাজনৈতিক পরিচয়হীনতা এবং নিরপেক্ষ অবস্থান। তিনি বিশ্বাস করেন, সবাই মিলে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন। বিসিবির এই পরিচালক আরও বলেন, “আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।”
নির্বাচকদের সিদ্ধান্ত এবং দেশের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ভবিষ্যৎ গন্তব্য। আপাতত সাকিবের ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষার প্রয়োজন।
