
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ওপর হামলা, মামলা ও অব্যাহত হুমকির প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করেছে ‘সাংগঠনিক ঐক্য ফোরাম’। ‘স্বেচ্ছাসেবী রক্ষায় ঐক্যবদ্ধ প্রাচীর’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নতুন এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করল।
গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ফারুকী পার্কে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বেচ্ছাসেবীদের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় কাজ করতে গিয়ে অনেক স্বেচ্ছাসেবী হামলা, আইনি জটিলতা ও নানামুখী হুমকির মুখে পড়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এসব সংকটের সময় তাদের পাশে সেভাবে কাউকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি অভিন্ন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত এই ঐক্য ফোরাম যেকোনো বিপদে স্বেচ্ছাসেবীদের পাশে নিঃস্বার্থভাবে কাজ করবে। ভবিষ্যতে কোনো স্বেচ্ছাসেবী যদি অন্যায়ভাবে হামলা বা হুমকির শিকার হন, তবে এই ফোরামের মাধ্যমে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে।
সমাবেশ থেকে দৃঢ় ঘোষণা দেওয়া হয় যে, এখন থেকে জেলার কোনো স্বেচ্ছাসেবী আর নিজেকে একা ভাববেন না। যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। সবশেষে ‘ঐক্য শক্তি, ঐক্য বল—ঐক্যবদ্ধ পথ চল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল এবং কর্মসূচি সমাপ্ত করা হয়।
