সরাইলের মীম হত্যাকাণ্ড: ১১ মাসেও বিচার মেলেনি, পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

দেলোয়ার হোসাইন মাহদী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বহুল আলোচিত মীম হত্যাকাণ্ডের ১১ মাস পার হলেও এখনো ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। দীর্ঘ সময়েও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় চরম হতাশা ও অনিশ্চয়তা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মীমকে অত্যন্ত পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই অমানবিক হত্যাকাণ্ড পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও বিচার পেতে বিলম্ব হওয়ায় তারা উদ্বিগ্ন। পরিবারের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ‘মীমাংসা’ করার প্রস্তাব দিয়ে আসছে। তবে ন্যায়বিচারের দাবিতে অনড় পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা কোনো আপস চাই না, শুধু ন্যায়বিচার চাই।”

মীমের স্বজনরা আরও জানান, আইন ও আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখেই তারা এখনো দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের বিশ্বাস, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এদিকে ১১ মাস পেরিয়ে গেলেও বিচার শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চার্জশিট দাখিল ও বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার জোর দাবি জানিয়েছেন।

  • অপরাধ সংবাদ
  • মীম হত্যাকাণ্ড
  • সরাইলের খবর