
বিনোদন ডেস্ক
শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় জুটি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের এক বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর গত বছরের এই দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজ ভালোবাসা দিবসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আদনানের প্রতি ভালোবাসার এক বিশেষ বার্তা দিয়েছেন মেহজাবীন।
বিশেষ এই দিনটি উদযাপনে মেহজাবীন আদনানের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি তাদের সম্পর্কের গভীরতা তুলে ধরে লেখেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করেছি। ১৪ বছরের এই পথচলায় এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।”
মেহজাবীনের এই পোস্টে তাদের ভক্ত এবং সহকর্মীরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আদনান আল রাজীব নিজেও সেই ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে মেহজাবীনের যাত্রা শুরু হওয়ার পরপরই আদনানের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, যা দীর্ঘ এক যুগ পেরিয়ে গত বছরের ১৪ ফেব্রুয়ারি পরিণয়ে রূপ নেয়।
শেয়ার করা ছবিগুলোতে এই জুটিকে বেশ হাসিখুশি ও আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। প্রিয় তারকার এমন সুন্দর বার্তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে।
