মামুনুল হককে নিয়ে কটূক্তি করে তোপের মুখে সাবেক ছাত্রদল নেতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও তীর্যক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদি। মামুনুল হককে কেন্দ্র করে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে ঘিরে জেলাজুড়ে আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে মামুনুল হককে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন মোকাররম আদি। ওই পোস্টে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হক অবরুদ্ধ হওয়ার সময় ছাত্রদল ও যুবদলের কর্মীরাই তাকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল। কিন্তু সম্প্রতি মামুনুল হক তার বক্তব্যে বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছেন—এমন অভিযোগ তুলে আদি ওই পোস্টে অশালীন ভাষা ব্যবহার করেন। তিনি রাজপথে বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে মামুনুল হকের ব্যক্তিগত চরিত্র নিয়ে আক্রমণাত্মক কথা লিখেন।

পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় আলেম সমাজ ও সচেতন নাগরিকরা এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। একই সাথে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন অনেকে।

দেশজুড়ে সমালোচনার মুখে মোকাররম হোসেন আদি পরবর্তীতে তার ফেসবুক থেকে বিতর্কিত পোস্টটি সরিয়ে নেন। নতুন আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে এই ঘটনা নিয়ে এখনো স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। সচেতন মহলের মতে, দায়িত্বশীল অবস্থানে থেকে সামাজিক মাধ্যমে যেকোনো মন্তব্য করার ক্ষেত্রে আরও সংযত ও সচেতন হওয়া প্রয়োজন।

  • ছাত্রদল নেতা
  • মামুনুল হক
  • মোকাররম হোসেন আদি