মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি: চিফ হুইপ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, “বর্তমান সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমাদের প্রধান সম্পদ হলো মানবসম্পদ। তাই একে রক্ষা করতে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব নাও হয়, অন্তত এর ব্যবহার যাতে আর বৃদ্ধি না পায়, সেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নূরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এখানে একজনের তামাক সেবনে পাশের ১০ জন ক্ষতিগ্রস্ত হয়। তামাক চাষিদের উদ্দেশ্যে তিনি তামাকের পরিবর্তে অন্য লাভজনক ফসল চাষের আহ্বান জানান।

বক্তব্যকালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ ও কৃষক কার্ডের ব্যবস্থা করেছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নেওয়া কৃচ্ছ্রসাধন নীতির কথাও তিনি উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ কে দ্রুত পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়। এতে অন্যান্যের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

  • চিফ হুইপ
  • তামাক নিয়ন্ত্রণ
  • মো. নূরুল ইসলাম