বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছেন প্রমিত বড়ুয়া জনি ও সংগঠনের সদস্যবৃন্দ

আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন ‘বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বাবু প্রমিত বড়ুয়া জনির নেতৃত্বে উত্তরবঙ্গের শেষ জেলা নীলফামারীর পলাশবাড়ীতে ১০৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রমিত বড়ুয়া জনি। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি স্মরণ বড়ুয়া, অর্থ সম্পাদক শুভ বড়ুয়া, দক্ষিণ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিতু বড়ুয়া এবং প্রিতম চৌধুরী।

মানবিক এই আয়োজনে ধর্মীয় ও স্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কল্যাণমিত্র পরম পূজনীয় সুশীলপ্রিয় ভিক্ষু, নীলফামারী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনীতিপ্রিয় ভিক্ষু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং বিহার কমিটির সভাপতি বাবু উত্তম বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রমিত বড়ুয়া জনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা সব সময় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এবার উত্তরবঙ্গে আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পন্ন হলো। এর আগে ২০২৫ সালে আমরা জয়পুরহাটে ২ লক্ষ টাকার সহায়তা দিয়েছিলাম। আমাদের মূল কার্যক্রম চট্টগ্রামে হলেও এখন থেকে প্রতি বছর উত্তরবঙ্গের শীতার্ত মানুষের জন্য আমরা মানবিক সহায়তা নিয়ে আসব।”

তিনি আরও জানান, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের অনুপ্রেরণায় ইতিমধ্যে সংগঠনটি ৬০টি সফল প্রজেক্ট শেষ করতে সক্ষম হয়েছে। সংগঠনের সকল কার্যক্রম দাতাদের উদ্দেশ্যেই উৎসর্গ করেন তিনি। উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি শেষ হয়।