বেলকুচিতে বেকার যুবক-যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

সিরাজগঞ্জ প্রতিনিধি (আল-আমিন হোসেন):

২০২৫–২০২৬ অর্থবছরের বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (০২ নভেম্বর, ২০২৫) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বেকার যুবক ও যুব নারীদের ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার চালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং যেকোনো দেশের যুবক-যুবতীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রশিক্ষণ হলো সবচেয়ে বড় বিনিয়োগ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সহজে কর্মসংস্থান খুঁজে পাবেন অথবা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন।

এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণটি পরিচালিত হবে এবং কার্যক্রম শেষে সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।