আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ):

“ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের দৌলতপুরে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বক্তব্যের শুরুতেই আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না। এখানে উল্লাপাড়া বা শাহজাদপুরের কোনো লোক নেই—এখানে যারা আছেন তারা সবাই বেলকুচির সাধারণ মানুষ। জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমাদের মূল শক্তি।”

প্রতিপক্ষ প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “মাঠে অনেক সন্ত্রাসী নেমেছে। ভবিষ্যতে যদি সাধারণ মানুষকে হুমকি দেওয়া হয়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। বেলকুচি-চৌহালীর মানুষ যাকে ভোট দেবে, আমরা সেটাই মাথা পেতে নেব।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলীম বলেন, “আগামী ১২ তারিখ দেশের স্বাধীনতা রক্ষার দিন। ষড়যন্ত্র মোকাবিলায় ১১ তারিখ থেকেই ভোটকেন্দ্রে জাতীয় পতাকা বেঁধে পাহারা দিতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আজিজুল হক পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব বনি আমিন ও পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ” ও “ধানের শীষে ভোট দিন” স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

  • আমিরুল ইসলাম খান আলীম
  • বিএনপি
  • সিরাজগঞ্জ-৫