
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। র্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।
র্যালিটি আল আমান বাহেলা খাতুন মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর চালা গ্যারেজ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম এবং জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল এবং সাবেক সভাপতি ফজলুল হক, জুনায়েদ আহমেদ সবুজ ও সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তারা একটি নৈতিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামীতে এই শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই ছাত্রসংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে বলে সংগঠনের নেতারা দাবি করেন। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে তারা সক্রিয় রয়েছে।
