
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা
দেলোয়ার হোসাইন মাহদী, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত সমস্যার কারণে তিনি অসুস্থ বোধ করেন। এরপর দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন দক্ষ সদস্য ছিলেন। গত বছরের জানুয়ারি মাসে তিনি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও ফেরদৌস আরা মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর পৈতৃক নিবাস ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে তাঁর শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।
