বগুড়ায় হাদি হত্যার প্রতিবাদ মিছিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিবির নেতার মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

বগুড়া প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে প্রাণ হারিয়েছেন রাফিউল হাসান নামে এক ছাত্রশিবির নেতা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।নিহত রাফিউল হাসান শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে। তিনি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং শিবিরের একটি উপশাখার সভাপতির দায়িত্বে ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করা হয়। রাফিউল হাসান সেই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাফিউল করিম শিবিরের একজন নিবেদিতপ্রাণ ‘সাথী’ ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি অবিলম্বে ঘাতক বাসটি শনাক্ত করে চালক ও সহযোগীকে আইনের আওতায় আনার দাবি জানান।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।