
ছবি: জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেছেন, বর্তমান প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের সতর্ক করে বলেন, “দেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের আয়োজন করা হয়, তবে দেশ আবারও ধ্বংসের দিকে যাবে।” তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও নির্বাচন কমিশনকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, জামায়াত আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দেখতে চায়—এই বিষয়টি ইইউ-কে স্পষ্ট জানানো হয়েছে। তবে মাঠপর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রশাসন একটি বিশেষ দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
নির্বাচনী জোট ও আসন সমঝোতা প্রসঙ্গে ডা. তাহের বলেন, এনসিপিকে ১০টি আসন দেওয়ার যে খবর চাউর হয়েছে তা সঠিক নয়। তিনি নিশ্চিত করেন যে, ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, এবারের নির্বাচনে তারা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছেন যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।
