
মুহাম্মদ এরশাদুল ইসলাম
রাজধানী ঢাকার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হাতিরঝিল। প্রতিদিন হাজারো মানুষ কর্মস্থলে যাওয়া-আসা কিংবা বিনোদনের জন্য এখানে ভিড় জমান। কিন্তু নগরের অন্যান্য স্থানের মতো এখানেও পরিচ্ছন্নতা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন বিডি ক্লিন ঢাকা উত্তর হাতিরঝিল জোন।সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পরিচ্ছন্ন করা হয় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা মাই টিভি ভবন ও এর আশেপাশের এলাকা। গত ২৬ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবকরা হাতে ঝাড়ু, গ্লাভস, ব্যাগ ও অন্যান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে মাঠে নামেন। ভবনের সামনে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, বোতল, আবর্জনা সংগ্রহ করে সেগুলো নির্ধারিত স্থানে ফেলা হয়। ড্রেন ও ফুটপাতের জটলা পরিষ্কার করে এলাকা করা হয় দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যসম্মত।কর্মসূচিতে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবক জানান,“আমরা চাই আমাদের সন্তানদের জন্য পরিচ্ছন্ন একটি ঢাকা রেখে যেতে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”বিডি ক্লিন হাতিরঝিল জোনের সমন্বয়ক বলেন,“আমাদের মূল লক্ষ্য—‘আমার এলাকা আমি রাখব পরিষ্কার’। সবাই যদি নিজ নিজ এলাকার প্রতি সচেতন হয়, তবে পুরো ঢাকা শহরই পরিচ্ছন্ন হয়ে উঠবে।”স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরণের নিয়মিত কর্মসূচি নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরি করবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।প্রকৃতপক্ষে, পরিচ্ছন্নতা শুধু একটি সামাজিক আন্দোলন নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ এবং নাগরিক জীবনের মানোন্নয়নের সাথেও গভীরভাবে জড়িত। বিডি ক্লিনের এই কার্যক্রম দেখিয়ে দিয়েছে—যদি সবাই সামান্য দায়িত্বশীল হয়, তবে নগর জীবনে স্বস্তি ফেরানো সম্ভব।
