নাসিরনগরে ৮ কোটির সড়ক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার হরিণবের হতে ফান্দাউক পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা সংস্কারের জন্য সাড়ে ৮ কোটি টাকার টেন্ডার হলেও তিন বছরেও কাজ শেষ হয়নি। উল্টো কাজের তুলনায় প্রায় তিনগুণ বেশি বিল তুলে নিয়ে ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তিন ইউনিয়নের লাখো মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে সড়কটি নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সাড়ে ৮ কোটি টাকার এই প্রকল্পের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ৪০ শতাংশ বা প্রায় ৩ কোটি ৮০ লক্ষ টাকার কাজ করেছে। অথচ রহস্যজনকভাবে এলজিইডি কর্তৃপক্ষের কাছ থেকে তারা প্রকল্পের ৯০ শতাংশ অর্থাৎ ৭ কোটি ২১ লক্ষ টাকা বিল তুলে নিয়েছে। বাস্তব কাজের চেয়েও ৩ কোটি ৪১ লক্ষ টাকা অতিরিক্ত বিল হাতিয়ে নিয়ে ঠিকাদার এখন লাপাত্তা।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হওয়ার সুবাদে সাবেক উপজেলা প্রকৌশলী ও জেলা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে ঠিকাদার খাইরুল হাসান এই বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন। স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, প্রভাব খাটিয়ে সব বিল তুলে নেওয়ায় ঠিকাদার এখন আর কাজে আসছেন না। এমনকি কাজের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের লোকজনের পক্ষ থেকে হুমকির শিকার হতে হয়।

এ বিষয়ে ঠিকাদার খাইরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা আরিফ হোসেন জানান, খুব দ্রুতই কাজ শুরু করা হবে।

নাসিরনগর উপজেলার বর্তমান প্রকৌশলী আব্দুল মোমিন এ প্রসঙ্গে বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। সব ফাইলপত্র খতিয়ে দেখতে হবে। অতিরিক্ত বিলগুলো আমার আগের ইঞ্জিনিয়াররা দিয়ে গেছেন।”

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, এক মাসের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • এলজিইডি
  • ঠিকাদার উধাও
  • দুর্নীতি
  • নাসিরনগর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সড়ক প্রকল্প