নাসিরনগরে খাস জমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, লম্বা হাটি এলাকার সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি ওই জমি সরকার থেকে ক্রয় করেছেন বলে দাবি করেন এবং সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

সংঘর্ষের সময় বশির মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খাস জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • জমি সংক্রান্ত বিরোধ
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ