
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ফান্দাউক পুরাতন গরুর বাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইয়ার খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ও কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন ভুইঁয়া। এছাড়াও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন ও সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ মিয়া এবং সদস্য সচিব পনি চৌধুরী। উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে মিছিলে জনসভাস্থল মুখরিত করে তোলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে বিএনপি রাজপথে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
