বিয়ের ৩য় দিনেই নবদম্পতির আত্মহ/ত্যা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago
বিয়ের পোশাকে নবদম্পতি সুরাজ শিবান্না ও গণভির ছবি

অনলাইন ডেস্ক.

ভারতের ব্যাঙ্গালোরে বিয়ের মাত্র দুই দিন পর এক নবদম্পতির করুণ মৃত্যু হয়েছে। আলাদা আলাদা স্থানে এই নবদম্পতি আত্মহত্যা করেন, যার মধ্যে একজন ব্যাঙ্গালোরে এবং অন্যজন সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাগপুরে প্রাণ হারান। অনলাইন এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ৩৬ বছর বয়সী সুরাজ শিবান্না এবং ২৬ বছর বয়সী গণভি ব্যাঙ্গালোরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই তারা শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমায় যান। তবে সফরের মাঝপথেই দাম্পত্য কলহের জেরে তারা দেশে ফিরে আসেন। গণভির পরিবারের দাবি, শ্বশুরবাড়িতে চরম অপমান ও প্রত্যাখ্যানের শিকার হওয়ার পর তারা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।

গত মঙ্গলবার গণভি নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন এবং লাইফ সাপোর্টে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পর গণভির পরিবার সুরাজ ও তার স্বজনদের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এমনকি তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভও করেন।

এদিকে পরিস্থিতির চাপে পড়ে এবং গণভির পরিবারের তীব্র বিরোধিতার মুখে সুরাজ তার মা জয়ন্তিকে নিয়ে ব্যাঙ্গালোর ছেড়ে নাগপুরে চলে যান। সেখানে ওয়ার্ধা রোডের একটি হোটেলে সুরাজ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। সুরাজের ভাই সঞ্জয় শিবান্না পুলিশকে বিষয়টি অবহিত করলে হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে সুরাজের মা-ও আত্মহত্যার চেষ্টা করেন; বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক কলহের বিষয়টি খতিয়ে দেখছে।

  • আত্মহত্যা
  • এনডিটিভি
  • ক্রাইম নিউজ
  • গণভি
  • দাম্পত্য কলহ
  • নবদম্পতি
  • ব্যাঙ্গালোর
  • মধুচন্দ্রিমা
  • সুরাজ শিবান্না