তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে প্রজ্বলিত হয়েছিল, তা দীর্ঘ সময় প্রতিকূলতার মাঝে বহন করেছেন বেগম খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। বর্তমানে তিনিই গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখাচ্ছেন।”

খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, কখনোই আপস করেননি। পক্ষান্তরে যারা পালিয়েছে, তারা আপস করেছে। ওয়ান-ইলেভেনের সময় বর্তমানের সুবিধাবাদীরা সহায়ক ভূমিকা পালন করলেও খালেদা জিয়া অনড় ছিলেন।” তিনি আরও যোগ করেন, খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসত।

অনুষ্ঠানে নারীর শিক্ষা, উপবৃত্তি এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে খালেদা জিয়ার অবদান তুলে ধরেন আমীর খসরু। একইসঙ্গে তিনি তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরার পাশাপাশি অর্থনৈতিক সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • তারেক রহমান
  • বিএনপি