আগুনে পুড়ল ঘর ও একমাত্র সম্বল গরু; দিশেহারা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ মনির, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে মোঃ মোজাম্মেল হকের পরিবার। হঠাৎ লাগা এই আগুনে মোজাম্মেল হক ও তাঁর দুই ছেলের বসতঘর, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি পরিবারের একমাত্র উপার্জনের সম্বল একটি গরুও আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি গ্রাস করে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অত্যন্ত দরিদ্র মোজাম্মেল হক তাঁর কষ্টার্জিত সম্বল হারিয়ে এখন নির্বাক। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে সন্তানদের নিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয় এলাকাবাসী জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে এবং নতুন করে ঘর তৈরির জন্য বড় ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন।

এই মানবিক বিপর্যয়ে মোজাম্মেল হকের পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।