
আকাশ দাশ সৈকত
ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি আর কয়েকমাস। তবে তার আগেই আসন্ন বিশ্বকাপে নিজের ফেভারিট তিন দলের নাম জানিয়ে দিলেন ইংলিশ কোচ টমাস টুখেল।যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক ফুটবলের জমজমাট এই আসরের টিকিট নিশ্চিত করেছে ইতিমধ্যে ২০টি দল। বাকি দলগুলো উঠে আসবে বাছাইপর্ব শেষ করে। বিশ্বকাপের ফেভারিট দল নিয়ে এখনো কোন হিসাব নিকাশ শুরু না হলেও গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের ফেভারিট তিন দলের নাম জানিয়ে দিলেন ইংলিশ কোচ টমাস টুখেল। চলতি বিশ্বকাপের বাছাইপর্বে ইংলিশরা এখনো কোন ম্যাচ না হারলেও টুখেল ফেভারিটের তালিকায় রাখেনি ইংল্যান্ডকে। তাহলে কারা ফেভারিট হিসেবে আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ড কোচের জানায়– ফেভারিট হিসেবে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন।টুখেল বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলব– এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।’ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জিতে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ইংলিশরা। এরপর যথাক্রমে আলবেনিয়া ও সার্বিয়া ৮ এবং ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।
