ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ সংবাদের তীব্র নিন্দা জানালেন জামায়াত আমির

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

ভারতের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ‘গোপন বৈঠক’ হয়েছে দাবিতে দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই নিন্দা জানান। সেই সঙ্গে প্রকৃত সত্য না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান জানান, গত বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি একটি সাক্ষাৎকার দেন। সেখানে রয়টার্সের সাংবাদিক ভারতের সাথে কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না—এমন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর অনেক বিদেশি কূটনীতিক আমার বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেই সময় ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে এসেছিলেন। অন্যান্য দেশের প্রতিনিধিদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।”

তিনি আরও স্পষ্ট করেন, “আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম যে অন্যান্য কূটনীতিকদের মতো এই সাক্ষাতের বিষয়টিও আমরা প্রচার (পাবলিসিটি) করতে চাই। কিন্তু ভারতীয় কূটনীতিকরাই তখন এটি প্রচার না করার জন্য অনুরোধ করেছিলেন। আমরা তাদের পরিষ্কার বলেছিলাম, ভবিষ্যতে যখনই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক হবে, তা অবশ্যই প্রকাশ্যে আসবে। এখানে গোপনীয়তার কোনো জায়গা নেই।”

কিছু দেশীয় গণমাধ্যম বিষয়টিকে ‘গোপন বৈঠক’ হিসেবে তুলে ধরায় বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানাই। রয়টার্সের সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”

  • গোপন বৈঠক
  • জামায়াত আমির
  • জামায়াতে ইসলামী
  • ডা. শফিকুর রহমান
  • বাংলাদেশ নিউজ
  • ভারত
  • রয়টার্স
  • রাজনীতি