জামায়াত আমিরের আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago
ছবি: মোহাম্মদ ছরওয়ারে আলম

ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম, যিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে বিতর্কিত ও অননুমোদিত পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং সেখান থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে দলের কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।

দলের আইটি টিমের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো ‘ফিশিং লিঙ্কের’ মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এই ঘটনার সূত্র ধরে মঙ্গলবার রাতে মতিঝিলের এজিবি কলোনিতেও অভিযান চালায় ডিবি। হ্যাকিং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • আইডি হ্যাক
  • ছরওয়ারে আলম
  • জামায়াতে ইসলামী
  • ডা. শফিকুর রহমান
  • বঙ্গভবন