জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন তারেক রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 hours ago

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের বিষয়ে তার সম্মতি জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতিও প্রথা অনুযায়ী এখানেই ঈদের নামাজ আদায় করবেন। ফলে এবারের ঈদে জাতীয় ঈদগাহে দুই ভিভিআইপিকে একসঙ্গে নামাজ আদায় করতে দেখা যাবে।

ঈদের প্রস্তুতির বিষয়ে মীর শাহে আলম বলেন, জাতীয় ঈদগাহে এবার নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যদি বৃষ্টির কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ঈদগাহ ময়দান নামাজ আদায়ের উপযোগী না থাকে, তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

  • ঈদুল ফিতর
  • ঈদের নামাজ
  • জাতীয় ঈদগাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাংলাদেশ সংবাদ