
সিংড়া (নাটোর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী এবং জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ব্যাপক গণসংযোগ করেছেন।
সিংড়া উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে তিনি এই গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর তিনি শহরের বিভিন্ন বাজার, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ চলাকালে মাওলানা খলিলুর রহমান বলেন:
“দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমি হাতপাখা প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
