
চলচ্চিত্র নির্মাতা বেলা তার
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার মারা গেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) হাঙ্গেরির এই বিশ্ববরেণ্য নির্মাতার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছে ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি তাদের শোকবার্তায় জানিয়েছে, “আমরা এক অসাধারণ পরিচালককে হারালাম, যাঁর জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে ছিলেন পরম শ্রদ্ধেয় ও সমাদৃত।”
১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া বেলা তার মাত্র ১৬ বছর বয়স থেকেই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হন। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে তাঁর হাতেখড়ি এবং ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’। তবে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে। সাদা-কালো ফ্রেম, দীর্ঘ টেক এবং মন্থর গতির বর্ণনাশৈলী ছিল তাঁর সিনেমার সিগনেচার স্টাইল।
১৯৯৪ সালে তাঁর নির্মিত সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ৪৪০ মিনিটের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিলেও আমৃত্যু নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
