গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ: শিশু ও আনসারসহ আহত ৩

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং আমেনা খানম (১৩) নামের এক শিশু। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। হুট করে দুর্বৃত্তরা কেন্দ্রের পাশের খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসআই জাহিদুল আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।