খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই শোকবার্তাটি প্রকাশ করেছে।

গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।” অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় গুতেরেস উল্লেখ করেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।” শোকের এই কঠিন সময়ে তিনি বাংলাদেশ সরকার ও দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।