ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

মোঃ মনির ঠাকুরগাঁও সদর প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে ভুল্লী থানার ১৮ নং ইউনিয়নের সুকানপুকুরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল সুকানপুকুরী গ্রামের লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।

র‍্যাব-১৩ আরও জানায়, এলিট ফোর্স হিসেবে তারা প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত লাল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

  • কষ্টিপাথরের মূর্তি
  • ভুল্লী থানা
  • র‍্যাব-১৩