কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 days ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কারাগারের জেলার মঞ্জরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় পলাতক আসামি হৃদয়কে সহায়তা করার অভিযোগে জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাবন্দি ৭ জনকে নামীয় এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ। মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি হৃদয় কারারক্ষীদের বিভ্রান্ত করে নিজেকে জামিনপ্রাপ্ত ‘দিদার হোসেন’ হিসেবে উপস্থাপন করে। সে সময় সে দাবি করে যে তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে। কারাগারে আটক অন্য আসামিরাও তার মিথ্যা পরিচয়ের পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে পালাতে সহায়তা করে।

পরবর্তীতে কারাগারে থাকা আসামিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বিষয়টি জানাজানি হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে যে, অনৈতিক লাভের আশায় তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালিয়ে যেতে সাহায্য করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে পলাতক ফাঁসির আসামি হৃদয়কে খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

  • আসামি পলাতক
  • জেলা কারাগার
  • ব্রাহ্মণবাড়িয়া