চেক জালিয়াতির মামলায় এনসিপি নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago
এনসিপি নেতা আসাদুল্লাহ (ছবি সংগৃহিত)

ডেস্ক রিপোর্টার

চেক ডিজঅনারের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনা-২ আসনে দলটির ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার অ্যাম্বাসেডর এবং এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর সুজানগর থানায় হস্তান্তর করে। আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলায় আসাদুল্লাহ এক মাসের কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের প্রচারণা শেষ করে বাড়িতে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে আসাদুল্লাহর পরিবার এই গ্রেপ্তারকে রাজনৈতিক ও পারিবারিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক বলে দাবি করেছে। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা জানান, গভীর রাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে জানান, আসাদুল্লাহ ওই মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • আসাদুল্লাহ
  • এনসিপি
  • চেক ডিজঅনার মামলা