আসন বণ্টন নিয়ে বিরোধ: জামায়াত জোট ছাড়ল ইসলামী আন্দোলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 weeks ago

ইমান আলী, স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় রাজনৈতিক জোটে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আসন সমঝোতার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর ফলে জোটটি এখন ১০ দলে সংকুচিত হয়ে পড়ল।

জোট সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ন্যূনতম ৮০টি আসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। তবে জামায়াতে ইসলামী এত বেশি আসন ছাড় দিতে অপারগতা প্রকাশ করে। সমঝোতার জন্য মাওলানা মামুনুল হক মধ্যস্থতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।

সংশ্লিষ্টদের মতে, এনসিপি জোটে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। দলটি শুরুতে ৪০টি আসনের প্রস্তাব পেলেও পরে তা বাড়িয়ে ৪৫টি করা হয়। তবে ৮০টির কম আসনে তারা কোনোভাবেই রাজি হয়নি। এ অবস্থায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, বাকি ১০টি দল নিয়ে আজ দুপুরে বৈঠক ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচন-এ দেশের প্রায় ২৬৬টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এতে ভোটের সমীকরণে নতুন মেরুকরণ তৈরির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • জামায়াতে ইসলামী