ইভ্যালির রাসেল ও শামীমা ফের গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মোট ৩৯১টি মামলার ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছিল।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে এই ই-কমার্স প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে থাকা আইনি প্রক্রিয়াগুলো যাচাই করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

  • ইভ্যালি
  • মোহাম্মদ রাসেল
  • শামীমা নাসরিন