
আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো মুরা
আকাশ দাশ সৈকত:
আমেরিকার জনপ্রিয় ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আরও এক আর্জেন্টাইন ফুটবলার। লিওনেল মেসির সতীর্থ হিসেবে আগামী ২০২৯ সাল পর্যন্ত দলটির হয়ে রক্ষণভাগ সামলাবেন তরুণ ডিফেন্ডার ফাকুন্দো মুরা।
নতুন মৌসুম শুরুর আগে দলটিকে শক্তিশালী করতে রাইট ব্যাক পজিশনে মুরাকে দলে নিয়েছে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে মিয়ামিতে যোগ দিয়েছেন। মূলত মার্সেলো ওয়েইগান্ট মিয়ামি ছেড়ে চলে যাওয়ায় রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মুরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথমবারের মতো দেশের বাইরে কোনো বিদেশি ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফাকুন্দো মুরা। তিনি বলেন, “ইন্টার মিয়ামিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্লাবের হয়ে দ্রুত কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি। আমার লক্ষ্য এখানে আরও শিরোপা জেতা। খুব দ্রুতই মাঠে সবার সাথে দেখা হবে।”
ফাকুন্দো মুরা রেসিং ক্লাবের হয়ে মোট ১৪৮টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ এই পথচলায় তিনি ১২টি গোল করার পাশাপাশি চারটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। অভিজ্ঞ এই ডিফেন্ডার মিয়ামির রক্ষণে নতুন ধার তৈরি করবেন বলে আশা করছেন ক্লাব সমর্থকরা।
