ইনসাফ ও পরিবর্তনের পক্ষে রায় দেবে জনগণ: সালাম মাদানী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ছাতক পৌর শহর ও গোবিন্দগঞ্জ পয়েন্টে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও গণভোটের পক্ষে ‘মাল্টিমিডিয়া প্রচার বাস’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সালাম মাদানী বলেন, “দাঁড়িপাল্লা কেবল জামায়াতের প্রতীক নয়, এটি ইসলামী ও সমমনা ১১ দলীয় জোটের প্রতীক। সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ছাতক-দোয়ারাবাজারেও তার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে স্বৈরশাসন, চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না। সে জন্যই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থীদের পক্ষে জনমত গড়ে তুলতেই দেশব্যাপী এই মাল্টিমিডিয়া প্রচার বাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি মা-বোনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে বিজয়ের মালা পরিধান করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান এবং নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রচারণায় ব্যবহৃত মাল্টিমিডিয়া বাসে এলইডি স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে দলীয় বার্তা এবং গণভোট সংক্রান্ত তথ্য প্রচার করা হয়, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করে।

  • আব্দুস সালাম আল মাদানী
  • ছাতক
  • জামায়াতে ইসলামী
  • সুনামগঞ্জ-৫