নির্বাচনের আগে ইজতেমা ময়দানে সমাবেশ নিষিদ্ধ করলো সরকার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

টঙ্গী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬-এর উপসচিব আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, আগামী ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছিল। তবে নির্বাচনের সময়সূচি অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র মতে, তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থি অনুসারীরা আগামী ২ থেকে ৪ জানুয়ারি তিন দিনব্যাপী ‘খুরুজের জোড়’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এর পরিপ্রেক্ষিতে সাদপন্থি অনুসারীরা সরকারের কাছে অভিযোগ করে যে, জোড়ের নামে মূলত ইজতেমার আয়োজন করা হচ্ছে। তারা দাবি জানায়, এই অনুষ্ঠান বন্ধ না করলে তারা ২২ থেকে ২৪ জানুয়ারি ইজতেমা আয়োজন করবে।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান এবং জাতীয় নির্বাচনের সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে সরকার নির্বাচনের আগে ইজতেমা ময়দানে সব ধরনের জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

  • জাতীয় সংসদ নির্বাচন
  • জুবায়েরপন্থি
  • টঙ্গী ইজতেমা ময়দান
  • তাবলিগ জামায়াত
  • বিশ্ব ইজতেমা
  • সাদপন্থি
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়