আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত (ক্রীড়া প্রতিবেদক):

আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে চলেছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

জানা যায়, বাংলাদেশ দলের প্রধান ব্যাটিং কোচ নিক পোথাস দায়িত্ব ছাড়ার পর কিছুদিন সেই শূন্যস্থানে ডেভিড হেম্প দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে টাইগারদের সহকারী কোচ কাজী সালাউদ্দিন ব্যাটিং কোচের ভূমিকা পালন করেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচের চেয়ারে বসবেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

আজ, ৩ নভেম্বর (সোমবার), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন জাতীয় দলের সাবেক এই বাঁহাতি পেসার।

আমজাদ হোসেন বলেন:

“আশরাফুলের রয়েছে বিস্তর অভিজ্ঞতা। সে এরই মধ্যে কোচিং কোর্সও সফলভাবে সম্পন্ন করেছে। মূলত তাঁর এই সমৃদ্ধ ক্রিকেটীয় অভিজ্ঞতাই আমাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে।”