
জুনায়েদ আল হাবীব
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, “আমি এমপি হবো ইনশাআল্লাহ, যদি আপনারা সবাই মিলে আমার খেজুর গাছ প্রতীককে ধানের শীষ হিসেবে গ্রহণ করেন। ধানের শীষের প্রার্থীর জন্য আপনারা যেভাবে কাজ করতেন, আমার জন্য সেভাবে কাজ করলে বিজয় নিশ্চিত।”
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবীব বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি এবং হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করছেন। বিএনপি জোটের প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বক্তব্যকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, “তারেক রহমান এদেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন, যা আলেমদের আশান্বিত করেছে।”
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীক ও জোটের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।
