
অনলাইন ডেস্ক.
আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন। তাই যে কোন সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিও কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবে না আওয়ামীলীগ। এমন সিদ্ধান্তই নিয়েছে নির্বাচন কমিশন।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবরের তীব্র সমালোচনা করেন।আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন ১৮ মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন, বলেন-স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান করতেই সংস্কার করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দলটি কোন রাজনৈতিক দলের মত আচরণ করছে না। এমনকি জুলাই গণহত্যা নিয়ে এখন পর্যন্ত কোন অনুশোচনাও করেনি। সবকিছু মিলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেন।বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে ডক্টর ইউনুস বলেন, ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর পরিবেশন করা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরকারের অবস্থানের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন বাঞ্চাল সহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে। এদিকে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব অন্থনিও গুতেরেসের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ । এই সময়টাতে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ। তার অভিযোগ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তা চায়না আওয়ামী লীগ এবং তার সহযোগীরা আর এই নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এতে আন্তর্জাতিক কিছু শক্তি মদদ দিচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচন, সংস্কার অগ্রগতি, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে। বাংলাদেশ সময় রাত ৮ টায় অংশ নেবেন ৭৫ টি দেশ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
