খেলোয়াড়দের সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 hours ago
নেপাল ক্রিকেট দলের ছবি (সংগৃহিত)

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়া নেপাল এবার শুরুতেই হোঁচট খেয়েছে। নবাগত ইতালির কাছে বড় ব্যবধানে হারের পর দলের ক্রিকেটারদের সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কড়া বার্তা দিয়েছেন নেপাল দলের কোচ স্টুয়ার্ট ল।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও মাত্র ৪ রানে হারতে হয়েছিল নেপালকে। কিন্তু ইতালির বিপক্ষে পরের ম্যাচেই ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে ‘সি’ গ্রুপের একদম তলানিতে চলে গেছে দলটি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামার আগে দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে স্টুয়ার্ট ল স্পষ্ট করে বলেছেন— ‘সামাজিক মাধ্যম থেকে দূরে থাকো।’

বাংলাদেশ দলের সাবেক এই কোচ সংবাদ সম্মেলনে জানান, নেপালি সংস্কৃতিতে সামাজিক মাধ্যমের প্রভাব অনেক বেশি, কিন্তু এটি এখন দলের জন্য বড় বিভ্রান্তি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ইংল্যান্ড ও ইতালি ম্যাচের পারফরম্যান্সে এত পার্থক্য কেন হলো, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। মানুষ আপনাকে নিয়ে অনলাইনে কী বলছে, সেদিকে মন না দিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়া বেশি জরুরি।”

খেলোয়াড়দের স্পন্সরশিপ বা ব্যক্তিগত প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা থাকলেও ক্রিকেটকেই সবার উপরে রাখার পরামর্শ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি মনে করেন, ক্রিকেটে ভালো করলে লাইক বা জনপ্রিয়তা এমনিতেই বাড়বে। নিজের রসিকতা করে তিনি বলেন, “আমি সোশ্যাল মিডিয়ার যুগে একজন ডাইনোসর বা সেকেলে মানুষ। আমি এর নেতিবাচক দিকগুলো বুঝি, তাই ছেলেদের বলেছি ক্রিকেটের সময় শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে। বাইরের এসব ‘বাজে কাজ’ ক্রিকেট থেকে দূরে রাখাই ভালো।”

স্টুয়ার্ট ল-এর মতে, নেপালের ক্রিকেট এখন সামনে এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার পথে খেলোয়াড়দের প্রধান লক্ষ্য হওয়া উচিত জয়, সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা নয়। জয় পেলে নেপালি ক্রিকেটের জনপ্রিয়তা এমনিতেই আকাশচুম্বী হবে বলে তিনি বিশ্বাস করেন।

  • ক্রিকেট সংবাদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • নেপাল ক্রিকেট
  • স্টুয়ার্ট ল