ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago
যুবলীগ নেতা রাসেল পাঠান

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মো. রাসেল পাঠান (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং ওই এলাকার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ দেখতে পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে রাসেল পাঠান স্বীকার করেন যে, তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। পুলিশ সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। মূলত মামলার কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আটককৃত যুবলীগ নেতাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহে পাঠানোর প্রস্তুতি চলছে।